বোয়িংয়ের আরো উড়োজাহাজ কিনছে ইউনাইটেড

মহামারীর ধাক্কা কাটিয়ে বিশ্বব্যাপী ভ্রমণ গন্তব্যে ছুটছে পর্যটকরা। অর্থনৈতিক অস্থিরতা খানিকটা বাদ সাধলেও থেমে নেই পর্যটকদের ঘুরে বেড়ানো। বাড়তি পর্যটকদের সামলানোর পাশাপাশি সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ইউনাইটেড এয়ারলাইনস এবার উড়োজাহাজের বহর বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে।
গেল সপ্তাহে বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার মডেলের ১০০টি এবং ৭৩৭ ম্যাক্স মডেলের ১০০ উড়োজাহাজের নতুন ক্রয়াদেশ দিয়েছে প্রতিষ্ঠানটি, যা স্বাভাবিকভাবেই পুরনো উড়োজাহাজ প্রতিস্থাপনের পাশাপাশি মহামারী-পরবর্তী বৃদ্ধি পাওয়া ভ্রমণ চাহিদার সঙ্গে তাল মেলানোর প্রচেষ্টা।
বোয়িংয়ের থেকে নতুন ২০০টি উড়োজাহাজ ক্রয়ের জন্য শিকাগোভিত্তিক এ এয়ারলাইনসকে গুনতে হচ্ছে ৪ হাজার ৩০০ কোটি ডলার। ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়, ২০২৪ থেকে ২০২৬ সাল নাগাদ নতুন ক্রয়াদেশকৃত ১০০টি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের মধ্যে প্রায় ৪৪টি এবং বাকি ৫৬টি ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে সরবরাহ করা হবে। সব মিলিয়ে ইউনাইটেড বর্তমানে ৪৪৩টি ম্যাক্স উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে।
তবে ৭৮৭ মডেলের উড়োজাহাজ ক্রয়ের বিষয়টি মূলত লম্বা দূরত্বের ভ্রমণকে ঘিরে ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি এবং ইউনাইটেডের পুরনো বিমান প্রতিস্থাপনের বিষয়টিকে প্রতিফলিত করে।
যদিও এত সংখ্যক উড়োজাহাজের ক্রয়াদেশ ইউনাইটেডের ব্যালান্স শিট ঘিরে খানিকটা উদ্বেগ প্রতিফলিত করে। কেননা উল্লিখিত সংখ্যক উড়োজাহাজ ক্রয় বাবদ আগামী দুই বছরে প্রতিষ্ঠানটিকে নিজস্ব তহবিল থেকে আনুমানিক ২ হাজার কোটি ডলার পরিমাণ অর্থ ব্যয় করতে হবে।
বিনিয়োগ ব্যাংকিং ও পুঁজিবাজার প্রতিষ্ঠান জেফরিসের বিশ্লেষকরা অনুমান করেছেন, ২০৩২ সালের মধ্যে ৭০০টি নতুন উড়োজাহাজ ক্রয় বাবদ ইউনাইটেডের মোট মূলধন ব্যয় ৫ হাজার কোটি ডলারে পৌঁছবে। তবে শিকাগোভিত্তিক ক্যারিয়ারটি অবশ্য জানায় যে ঋণ কমানোর পরিকল্পনার পাশাপাশি তারা একটি শক্তিশালী ব্যালান্স শিট প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে মিড-ডে লেনদেনে ইউনাইটেডের শেয়ার কমেছে ৫ দশমিক ৫ শতাংশ, বিপরীতে বোয়িংয়ের শেয়ার বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ।
ইউনাইটেডের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, এয়ারবাস থেকে এ৩৫০ মডেলের ৪৫টি উড়োজাহাজ কেনার পূর্ব ঘোষিত ক্রয়াদেশকে যতটা দ্রুত সম্ভব তারা ২০৩০ সাল পর্যন্ত বিলম্বিত করবে।
ইউনাইটেডের প্রধান নির্বাহী স্কট কিরবি সাংবাদিকদের বলেন, আমরা ৭৭৭ মডেলের বেশির ভাগ উড়োজাহাজ প্রতিস্থাপন করছি। প্রক্রিয়াটি মূলত এ দশকের শেষের আগে শুরু হবে না।
যদিও এ সম্পর্কে এয়ারবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইউনাইটেডের প্রধান নির্বাহী স্কট কিরবি বলেন, আমরা যখন বছরে ২ হাজার ৫০০ পাইলট নিয়োগের পাশাপাশি এয়ারলাইনসকে বড় করার চেষ্টা করছি, তখন উড়োজাহাজের মডেল পরিবর্তন নাটকীয়ভাবে গতিশীলতাকে কমিয়ে দেয়।
উল্লেখ্য, ইউনাইটেড ২০২২ সালে ২ হাজার ৪০০ পাইলটসহ ১৫ হাজার নতুন কর্মী নিয়োগ দেয়। ২০২৩ সালে আরো ২ হাজার ৫০০ পাইলটসহ ১৫ হাজার নতুন নিয়োগের পথে রয়েছে।
ইউনাইটেড প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অ্যান্ড্রু নোসেলা অবশ্য মনে করেন, এর মাধ্যমে পুরনো উড়োজাহাজকে জ্বালানি সাশ্রয়ী নতুন উড়োজাহাজে প্রতিস্থাপন করা সম্ভব হবে, প্রিমিয়াম আসন সংখ্যা বাড়াবে, বেশি পণ্য বহনের পাশাপাশি উড্ডয়ন গতিও দ্রুত হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় এবং ২০১৯ সালে মার্চে ইথিওপিয়ায় ম্যাক্স মডেলের দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর একের পর এক দেশ ম্যাক্স উড়োজাহাজগুলো গ্রাউন্ডেড করতে থাকে। এরপর এশিয়ার আকাশে এ মডেলের উড়োজাহাজ ফেরাতে মার্কিন উড়োজাহাজ জায়ান্ট নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহকদের সঙ্গে কাজ শুরু করে। বেশ কয়েকটি নিরাপত্তা পরীক্ষা শেষে বোয়িং ম্যাক্স পরিচালনার অনুমতি দেয়া হয়।
-B










