বোয়িংয়ের কারণে নতুন পাইলট নিচ্ছে না ইউনাইটেড

শিকাগো: প্রয়োজন পড়লেও নিয়োগ প্রক্রিয়া স্থগিত করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ালাইনস। এ সিদ্ধান্তের পেছনে রয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এভিয়েশন জায়ান্ট থেকে নতুন কিছু উড়োজাহাজ পাওয়ার কথা রয়েছে ইউনাইটেডের। সেই প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রভাব পড়েছে পাইলট নিয়োগে।
প্রতিবেদন অনুসারে, মে ও জুনে নতুন পাইলট নিয়োগ বন্ধ রাখবে ইউনাইটেড এয়ারলাইনস। সংস্থার ফ্লাইট অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট মার্স চ্যাম্পিয়ন ও ফ্লাইট অপারেশন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট কির্ক লিমাচের সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তারা বলেন, বোয়িংয়ের নতুন এয়ারক্রাফটগুলোর সনদ ও উৎপাদনসংক্রান্ত দেরি হওয়ার কারণে এ বছরের পাইলট নিয়োগ কার্যক্রমে আমরা একটু ধীরে এগোচ্ছি।
শুধু পাইলট নিয়োগ নয়, সাম্প্রতিক সময়ে বোয়িংয়ের কারণে অনেকগুলো নির্ধারিত ফ্লাইট বন্ধ রাখতে হয়েছিল ইউনাইটেডকে। জানুয়ারিতে মাঝ আকাশে আলাস্কা এয়ারলাইনসের বোয়িং ফ্লাইটের প্যানেল খুলে পড়ে। ওই ঘটনার পর আলাস্কার পাশাপাশি ইউনাইটেডও শিডিউল ফ্লাইট স্থগিত করে। অবশ্য পাইলট নিয়োগের এ অচলাবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি।
আলাস্কা এয়ারলাইনসের ওই ঘটনায় ব্যাপক তদন্তের মুখে পড়ে বোয়িং। প্রাথমিক তদন্তে দেখা গেছে, কারখানায় গাফিলতির কারণে প্যানেল খুলে পড়ে। বর্তমানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নির্দেশনা অনুসারে সুরক্ষা নীতি নিয়ে কাজ করছে বোয়িং।
সম্প্রতি বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট মডেলের ৪৩টি উড়োজাহাজ ও ম্যাক্স নাইন মডেলের ৩৪টি উড়োজাহাজ কেনার জন্য চুক্তিবদ্ধ হয় ইউনাইটেড এয়ারলাইনস। আশা করা হচ্ছে, যথাক্রমে ৩৭টি ও ১৯টি উড়োজাহাজ চলতি বছর সরবরাহ করতে পারবে বোয়িং। এছাড়া ম্যাক্স টেনএসের আরো ৮০টি উড়োজাহাজ সরবরাহেরও ক্রয়াদেশ রয়েছে। এটি সর্বোচ্চ বিক্রি হওয়া ম্যাক্স সিরিজের সবচেয়ে বড় মডেল। তবে ধারণা করা হচ্ছে, এ বছর ইউনাইটেড একটিও এ মডেলের উড়োজাহাজ পাবে না। আর পেলেও আকাশে উড়ানো সম্ভব হবে না। কারণ উড়োজাহাজটি এখনো এফএএর অনুমোদন পায়নি এবং যা আরো কয়েক বছর পেছাতে পারে। সব মিলিয়ে বোয়িংয়ের কারণে ইউনাইটেডের পরিকল্পনায় রদবদল হচ্ছে।
অবশ্য ইউনাইটেডও ম্যাক্স টেনএস পাওয়ার আশা আপাতত ছেড়ে দিয়েছে। সংস্থার সিইও স্কট কির্বি জানুয়ারিতে জানান, এ মডেলের এয়ারক্রাফট হাতে পাওয়ার আশা বাদ দিয়েই চলতি বছরের জন্য ফ্লাইট পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
প্যানেল খুলে যাওয়া ছাড়াও সম্প্রতি ৭৩৭ ম্যাক্স নাইন উড়োজাহাজের জানালায় ফাটল এবং অন্য একটি ফ্লাইটের ইঞ্জিনে আগুন লেগে যায়। এসব ঘটনাকে কেন্দ্র করে জানুয়ারিতে বোয়িং উড়োজাহাজের অর্ডার ও ডেলিভারি কমেছে। বোয়িং গত মাসে ২৭টি উড়োজাহাজ সরবরাহ করেছে, যা সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন। এছাড়া বোয়িং ম্যাক্স উড়োজাহাজ বিক্রি করেছে তিনটি। তবে অন্য তিনটি বিক্রি বাতিলও হয়েছে কোম্পানিটির।
-B










