চালকবিহীন মিনি হেলিকপ্টার

আকাশপথে ট্যাক্সি চালানোর কথা অনেক আগে থেকে শোনা যায়। যানজটের মতো সমস্যা এড়াতে এর চেয়ে সহজ সমাধান বোধ হয় আর নেই। বেশ কয়েকটি স্টার্টআপ ও বড় উড়োজাহাজ কোম্পানি বৈদ্যুতিক এয়ারট্যাক্সি উৎপাদনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
তবে কোনোটি এখন পর্যন্ত চালু হয়নি। এর মধ্যে জার্মান কোম্পানি ভলোকপ্টার আগামী বছর অলিম্পিক গেমসের জন্য প্রথম উড়ন্ত ট্যাক্সি প্যারিসে নিয়ে যাবে। তবে তার আগেই অস্ট্রেলিয়ান কোম্পানি ফ্লাইনাউ চালকবিহীন মিনি হেলিকপ্টার তৈরি করেছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান কপ২৮ জলবায়ু সম্মেলনের বিজ্ঞান ও প্রযুক্তি হাবে এটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। হেলিকপ্টারটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্লাইনাউ জানায়, এটা অনেকটা ড্রোনের মতো। স্বয়ংক্রিয়ভাবে এক পয়েন্ট থেকে অন্য একটি পয়েন্টে উড়ে যাবে।
ইউরোপিয়ান এজেন্সি ফর স্পেস এভিয়েশনের কাছ থেকে এরই মধ্যে ছাড়পত্র নেয়া হয়েছে। কোম্পানিটির চিফ অপারেটিং অফিসার ও কো-ফাউন্ডার ইভন উইন্টার বলেন, ‘আমরা পণ্য পরিবহন দিয়ে ব্যবসাটা শুরু করছি। এটা ২০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে। এটি পণ্য পরিবহনের জন্য সবচেয়ে দক্ষ, সবচেয়ে নীরব এবং সবচেয়ে সাশ্রয়ী হবে।’
-B










