বিশ্বমানের পাইলট তৈরিতে ইউএস বাংলার উদ্যোগ

চাহিদার বিপরীতে পাইলট সংকটে ভুগছে বিশ্বের প্রায় সব উড়োজাহাজ সংস্থা। তৃতীয় বিশ্বের প্রায় সব দেশের উড়োজাহাজ সংস্থাগুলো চাহিদার সাথে তাল মিলিয়ে পাইলট সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে। সব দেশ যখন পাইলট সংকটে জর্জরিত ঠিক তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিলো বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। তারা নিজেরা প্রশিক্ষণ দিয়ে নতুন পাইলট তৈরির কর্মসূচি হাতে নিয়েছে।
মঙ্গলবার (২ মে) রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরে অবস্থিত ইউএস-বাংলার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান জানান, পাইলট সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স অত্যন্ত সাহসিকতার সাথে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে পাইলট তৈরির উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত পাইলটের চাহিদা পূরণে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২২ সালের শুরুতে স্টুডেন্ট পাইলট নিয়োগের পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর হিউম্যান রিসোর্স বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে ২০২২ সালের মে থেকে জুলাই মাসে প্রায় ৬ হাজার ৫০০ জন প্রতিযোগীর মধ্যে থেকে ২১ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। প্রথম পর্বে ১০ জন প্রশিক্ষণার্থী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত স্মিনা বিচের এপিক ফ্লাইট একাডেমিতে ১০ মাসের ফ্লাইট ট্রেনিং কোর্স করার জন্য দেশ ত্যাগ করেছেন বুধবার (২ এপ্রিল)।
ধারাবাহিকভাবে আগামী জুন মাসে দ্বিতীয় পর্বে ১১ জন প্রশিক্ষণার্থী দেশ ত্যাগ করবেন। ফ্লাইট ট্রেনিং কোর্স শেষ করার পর ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন কমার্শিয়াল পাইলট লাইসেন্স (এফএএ সিপিএল) পাবেন প্রশিক্ষণার্থীরা।
সফলভাবে ফ্লাইট ট্রেনিং শেষ করে যারা ফিরবেন তারা ইউএস-বাংলা এয়ারলাইন্সে এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটের ট্রেইনি ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। স্টুডেন্ট পাইলটের মতো এভিয়েশনে দক্ষ জনশক্তি তৈরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
পরিকল্পনা গ্রহণ আর বাস্তবায়নের মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের আকাশসীমা পেরিয়ে বিশ্বের আকাশে গত ১০ বছর যাবত ফ্লাইট পরিচালনা করছে। ২০১৪ সালের ১৭ জুলাই দু'টি ড্যাশ ৮-কিউ৪০০ নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে বর্তমানে ৮টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৮টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৯টি এয়ারক্রাফট আছে। চলতি বছর দুটি এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফটসহ আরও দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যেকোনো বিমান সংস্থার বিমান বহরে এয়ারক্রাফট সংযুক্তির সাথে সাথে অতিরিক্ত পাইলটের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু তা সহজে পূরণ করা যায় না। বহরে নতুন এয়ারক্রাফট সংযোজন ও নতুন রুটের ব্যাপ্তি ঘটানোর পূর্বে পাইলট নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা এয়ারলাইন্সের পরিকল্পনার অংশ।
উল্লেখ্য, ইউএস-বাংলায় বর্তমানে ২ হাজার ৩৫০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। যার মধ্যে ১৯০ জনের বেশি দেশি-বিদেশি পাইলট রয়েছেন।
-B










