ইরানের বিক্রি করা উড়োজাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসি: ভেনেজুয়েলার রাষ্ট্রীয় এয়ারলাইনের একটি বোয়িং ৭৪৭ কার্গো উড়োজাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এই উড়োজাহাজ ভেনেজুয়েলার কাছে বিক্রি করেছিল ইরান। এই ঘটনার নিন্দা জানিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিট সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষণা দিয়েছে, ১৮ মাস আগে আর্জেন্টিনায় গ্রাউন্ডেড উড়োজাহাজটিকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, ২০২২ সালে ভেনেজুয়েলার কাছে উড়োজাহাজটি বিক্রি করেছিল ইরানের মহান এয়ার। যার মাধ্যমে তাদের আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গ করা হয়েছিল।
উড়োজাহাজ জব্দ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান।
যুক্তরাষ্ট্রের দাবি, মহান এয়ারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ এই সংস্থাটির সঙ্গে ইসলামিক বিপ্লবী গার্ডের সংশ্লিষ্টতা রয়েছে।
যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট এনফোর্সমেন্টের অ্যাসিসটেন্ট সেক্রেটারি ম্যাথু এস এক্সারলড এক বিবৃতিতে বলেছেন, ‘মহান এয়ার- যেটি ইসলামিক বিপ্লবী গার্ড এবং হিজবুল্লাহর অস্ত্র ও সেনা পরিবহনে পরিচিত- এটি ভেনেজুয়েলার কাছে বিক্রি করে নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে। এখন উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সরকারের সম্পত্তি’।
-B










