চীন থেকে আসা যাত্রীদের জন্য কভিড বিধি শিথিল করবে যুক্তরাষ্ট্র

চীন থেকে আসা ভ্রমণকারীদের জন্য কভিড-১৯ পরীক্ষার বিধি শিথিল করবে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি জানায়, আগামী শুক্রবার (১০ মার্চ) এটি কার্যকর হতে পারে।
গত বছরের শেষ দিকে চীনে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিলে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ বিধিনিষেধ আরোপ করে। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা জানান, চীনে সংক্রমণ ও মৃত্যু হ্রাস পাওয়ায় যুক্তরাষ্ট্র নতুন সিদ্ধান্ত নিচ্ছে।
গত ২৮ ডিসেম্বর নতুন করে বিধিনিষেধ দেয় ওয়াশিংটন। এরপর ৫ জানুয়ারি সংক্রমণের বৃদ্ধির মধ্যে দেশটি মহামারী সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা জানায়, চীন সংক্রমণ ও মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করছে।
এর প্রতিক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমানবন্দরে জিনোমিক নজরদারি বাড়ানো হয়। চীন থেকে আসা কয়েকশ যাত্রীদের কাছ থেকে স্বেচ্ছাসেবী নমুনা সংগ্রহ করা হয় ও উড়োজাহাজের বর্জ্য পানি পরীক্ষা করা হয়। চীন ও অন্যান্য ৩০টিরও বেশি দেশ থেকে আসা ভ্রমণকারীদের জিনোমিক এই নজরদারি অব্যাহত থাকবে।
জানুয়ারিতে আরোপিত নিয়মে বলা হয়, চীন, হংকং ও ম্যাকাও থেকে আসা যাত্রীদের ভ্রমণের দুদিনের বেশি আগে কভিড পরীক্ষা করতে হবে। ফ্লাইটে চড়ার আগে নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। পরীক্ষাটি মার্কিন নাগরিকসহ দুই বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রযোজ্য।
মার্কিন-চীন সম্পর্কের উত্তেজনাকর এক মুহূর্তে নিষেধাজ্ঞা শিথিলের এই আভাস পাওয়া গেল। গত মাসে নিজেদের আকাশসীমা থেকে চীনা নজরদারি বেলুন ধ্বংসের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে বেইজিং, গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। অন্যদিকে যুক্তরাষ্ট্র সংঘাতের যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন।
-B










