সপ্তাহে ৬ দিন মালে যাবে ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৩১ অক্টোবর থেকে সপ্তাহে ৬ দিন ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করবে।
যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় শীতকালীন সময়সূচীতে মালদ্বীপপ্রবাসী ও পর্যটকদের ভ্রমণ পরিকল্পনাকে সাবলীল করার জন্য বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
শনিবার (২২ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইন্স'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর থেকে বাংলাদেশের প্রথম এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা প্রবাসী বাংলাদেশিদের সেবা দেয়ার লক্ষ্যে বোয়িং ৭৩৭-৮০০ দিয়ে মালেতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে চারটি ঢাকা-মালে ফ্লাইট চলছে। নীলাভ সৌন্দর্য দর্শনে বাংলাদেশ থেকে মালদ্বীপে পর্যটক সংখ্যা ক্রমেই বাড়ছে।
আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি সোম, মঙ্গল ও শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ছেড়ে যাবে ইউএস-বাংলা এবং প্রতি বুধ, শুক্র ও রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে মালের উদ্দেশে উড়বে ইউএস-বাংলার বিমান।
প্রতি সোম, মঙ্গল ও শনিবার মালদ্বীপের স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং প্রতি বুধ, শুক্র ও রোববার স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে ইউএস-বাংলার ফ্লাইট।
বর্তমানে ইউএস-বাংলা বিমানবহরে মোট ১৬টি এয়ারক্রাফট আছে, যার মধ্যে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ এবং ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।
মালদ্বীপ ছাড়াও ইউএস-বাংলা চেন্নাই, কলকাতা, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, মাস্কাট ও দোহা ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
-Biplob










