বাংলাদেশের কাছে ২ হাজার কোটি টাকা পাবে বিভিন্ন উড়োজাহাজ সংস্থা

বিশ্বের বিভিন্ন দেশের সেবা গ্রহণকারী উড়োজাহাজ সংস্থাগুলোর পাওনা ২১ কোটি ৪১ লাখ মার্কিন ডলার বকেয়া রেখেছে বাংলাদেশ। সেই সঙ্গে বকেয়া তালিকার দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশ।
তালিকায় প্রথম স্থানটি আফ্রিকার দেশ নাইজেরিয়ার দখলে।
রবিবার (৪ জুন) ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক এ সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের এপ্রিলের তুলনায় ২০২৩ সালের এপ্রিলে বিশ্বে উড়োজাহাজ খাতে আটকে রাখা বকেয়ার হার ৪৭ শতাংশ বেড়েছে। ২০২২ সালের এপ্রিলে আটকে রাখা অর্থের পরিমাণ ছিল ১৫৫ কোটি ডলার। ২০২৩ সালের এপ্রিলে তা বেড়ে হয়েছে ২২৭ কোটি ডলার। মোট পাঁচটি দেশ এ তহবিলের ৬৮ শতাংশ আটকে রেখেছে বলে সেই বিবৃতিতে উল্লেখ করা হয়। তালিকায় শীর্ষে থাকা নাইজেরিয়ার কাছে উড়োজাহাজ সংস্থাগুলোর পাওনা ৮১ কোটি ২২ লাখ ডলার।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। উড়োজাহাজ সংস্থাগুলো বাংলাদেশের কাছে পাওনা রয়েছে ২১ কোটি ৪১ লাখ ডলার। প্রকাশিত তালিকায় তৃতীয় অবস্থানে থাকা আলজেরিয়ার কাছে পাওনা ১৯ কোটি ৬৩ লাখ ডলার। তালিকায় চতুর্থ অবস্থানে আছে পাকিস্তান। দেশটির কাছে সংস্থাগুলোর পাওনার পরিমাণ ১৮ কোটি ৮২ লাখ ডলার। পঞ্চম অবস্থানে থাকা লেবাননের কাছে পাওনা ১৪ কোটি ১২ লাখ ডলার।
বিবৃতিতে আইএটিএ সতর্ক করে আরও জানিয়েছে, ক্রমবর্ধমান এ দেনার কারণে উল্লিখিত দেশগুলোর আকাশ পথে সংযোগে ব্যাঘাত ঘটতে পারে।
আইএটিএ’র মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, উড়োজাহাজ সংস্থাগুলো প্রাপ্য অর্থ না পেলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো ওইসব দেশে তাদের সেবা অব্যাহত রাখতে পারবে না। সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের উচিত দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সঙ্গে বসে বিষয়টি সুরাহা করা যাতে করে আকাশপথের অর্থনীতি ঠিকঠাকভাবে বজায় থাকে।
বর্তমানে আইএটিএ’র অধীনে বিশ্বের ৩০০টি এয়ারলাইন্স রয়েছে, যা বৈশ্বিক এয়ার ট্রাফিকের ৮৩ শতাংশ।
-B










