বাংলাদেশ-কসভোর মধ্যে ভিসা মওকুফ চুক্তি সই

কসভো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক উপমন্ত্রী ক্রেশনিক আহমেতি বাংলাদেশ ও কসভোর মধ্যে প্রথমবারের মতো ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে যোগ দিতে ৪ দিনের সফরে ঢাকায় এসেছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়।
এতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং কসভোর উপমন্ত্রী ক্রেশনিক আহমেতি বাংলাদেশ ও কসভো প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠক চলাকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনার পর দুই দেশের মধ্যে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে সোমবার (১০ অক্টোবর)ফরেন সার্ভিস একাডেমিতে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল, যেখানে কসভোর সফররত উপ-পররাষ্ট্রমন্ত্রী ‘কসভো: উন্নয়ন, রাষ্ট্র গঠন এবং বৈদেশিক নীতি’ শীর্ষক এক বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী।
-B










