ইরাকে পাসপোর্টের জন্য হাহাকার

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরাকে পাসপোর্টের জন্য প্রবাসী কর্মীদের মাঝে চলছে হাহাকার। মার্চ মাসের মাঝামাঝি ইরাকের বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট শাখার ওয়েবসাইটটির হার্ডডিক্স বিকল হয়ে যাওয়ায় পাসপোর্ট সরবরাহ এবং নবায়নের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
ইরাকের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী কর্মীরা পাসপোর্টের জন্য প্রতিদিন বাগদাদস্থ দূতাবাসে জড়ো হয়ে পাসপোর্ট না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাসপোর্টের অভাবে অনেক প্রবাসীই ভিসার মেয়াদ বাড়াতে পারছে না। এতে তারা চরম হতাশায় দিন কাটাচ্ছেন।
ইরাকের বিভিন্ন অঞ্চলে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী কঠোর পরিশ্রম করে প্রতি মাসে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছে। দেশটিতে কর্মরত বাংলাদেশিদের রেমিট্যান্স দেশে পাঠাতে বৈধ ব্যাংকিং চ্যানেল নেই। দেশটির রাজধানী বাগদাদে দু’টি ব্যাংকের শাখা চালু করার জন্য উদ্যোগ নেয়া হলেও তা’ বাস্তবায়নের তেমন সাড়া মিলছে না। ফলে ইরাক প্রবাসীরা দুবাই হয়ে হুন্ডির মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে বাধ্য হচ্ছে। এতে সরকার প্রচুর রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরী ওয়াহিদুজ্জামান জানান, গত ১৫ মার্চ দূতাবাসে ই-পাসপোর্ট ইস্যু কার্যক্রম শুরু করতে গেলে এমআরপি পাসপোর্ট ইস্যুর মেশিনের হার্ডডিক্স হঠাৎ বিকল হয়ে যায়। বিকল মেশিনটি পরিবর্তন করে নতুন মেশিন সরবরাহ করার জন্য ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরে ডিও লেটার পাঠানো হয়েছে। বাগদাদ দূতাবাসে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন মেশিন পাওয়া যাবে বলে হেড অব চ্যান্সেরী আশাবাদ ব্যক্ত করেন। নতুন মেশিন এলেই প্রবাসীদের পাসপোর্ট সরবরাহ কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।
-B










