বিশ্ব পর্যটন দিবস আজ : নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলাদেশে

বিশ্ব পর্যটন দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
এবার দিবসটির প্রতিপাদ্য হলো- ‘পর্যটনে নতুন ভাবনা’। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই দিবসের লক্ষ্য।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে সকালে ঢাকায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও খাদ্য উৎসব, লাইভ কুকিং শো এবং হোটেল-মোটেলের আবাসনে ৩০ শতাংশ ছাড়সহ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশেন।
রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে থেকে সকাল ৮টা ১৫ মিনিটে এক র্যালি বের করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের প্রমুখ।
আকর্ষণীয় ও চোখ ধাঁধানো এই র্যালির শুরুতেই ছিল টুরিস্ট পুলিশের মোটরসাইকেল শোভাযাত্রা এরপরে বাংলার ঐতিহ্যবাহী হিসেবে প্রতীকী পালকি। আর সেই পালকিতে দেখা মিলেছে প্রতীকী নতুন বর-কনে। সেই সঙ্গে ছিল বাংলার আদিবাসী, জেলে, বাউলসহ নানা চরিত্র। ছিল ঐতিহ্যের ঘোড়ার গাড়ি ও হাতি।
সকাল ৭টা হতেই পর্যটন ভবনের নীচতলার উন্মুক্ত স্থান ও সম্মুখে রাস্তার আইল্যান্ডে খাবারের স্টলগুলোতে সংস্থাটির বিভিন্ন রেস্তোরাঁয় পরিবেশিত খাবারের বৈচিত্র্যময় রেসিপি ও বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা রকম খাবার, পানীয় ও পিঠা-পায়েস ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক মেন্যুও এতে উপস্থাপিত হচ্ছে। এই খাদ্য উৎসবটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং খাবারগুলো স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। আয়োজনে ‘লাইভ কুকিং শো’-ও থাকছে।
এছাড়াও দিবসটি উপলক্ষে পর্যটন করপোরেশনের ভ্রমণ ইউনিটের আয়োজনে স্বল্পমূল্যে ও বিনামূল্যে তিনটি সিটি ট্যুর পরিচালিত হচ্ছে। সুবিধাবঞ্চিত শিশু পল্লীর শিশুদের জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে খাবার পরিবেশনসহ ‘ঢাকা-পদ্মা সেতু-ভাঙ্গা-ঢাকা’ রুটে অর্ধ দিবস প্যাকেজ ট্যুর।
রালী শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।
-Biplob










