বাংলাদেশে ঢুকতে লাগবে না করোনা টেস্ট

বাংলাদেশে প্রবেশের জন্য কভিড-১৯ শনাক্তে আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার। করোনা প্রতিরোধী টিকার পুর্নাঙ্গ ডোজ নিলেই বিমানবন্দর দিয়ে প্রবেশ করা যাবে বাংলাদেশে। মঙ্গলবার (৮ মার্চ )সন্ধ্যায় এক সার্কুলারে বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)
বেবিচক জানায়, মঙ্গলবার আদেশটি জারির সময় থেকেই এটি কার্যকর করা হয়েছে।
বেবিচক জানায়, বাংলাদেশে প্রবেশ করা কোনো যাত্রী যদি টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে থাকেন এবং যাত্রার সময় যদি তার সঙ্গে টিকা সনদ থাকে তাহলে তার করোনার আরটি পিসিআর টেস্ট করাতে হবে না। তবে যেসব যাত্রীর টিকা সনদ থাকবে না তাদেরকে যাত্রার ৭২ ঘন্টা আগে টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে বিমানবন্দরে যেতে হবে। ১২ বছরের নিচে শিশুদের কোন করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।
এছাড়া বাংলাদেশ থেকে যারা অন্যান্য দেশে যাবে তাদেরকে সেসব দেশের ভ্রমণ বিধি-নিষেধ মেনে চলার নির্দেশনা দিয়েছে বেবিচক।
বেবিচক আরো জানায়, টিকা নেয়া বা না নেয়া কোন যাত্রীর মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে করোনা টেস্ট করাবে। টেস্টে তার রিপোর্ট করোনা পজেটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে সাতদিন আইসোলেশনে থাকতে হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে বেবিচকের সর্বশেষ সার্কুলারে আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক ছিল। বেবিচকের সেই সার্কুলারে বাংলাদেশে প্রবেশ করা যেকোন যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে বলা হয়েছিল।
- B










