চট্টগ্রাম থেকে বিমানের ডেডিকেটেড হজফ্লাইট উদ্বোধন
হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা ও মদিনা রুটে ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা উদ্বোধন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চট্টগ্রাম থেকে এ বছর বিমানের প্রথম হজ ফ্লাইট বিজি-৩২১১ (১৫ জুন) বুধবার দুপুর ০১:৪৫ টায় ৪১৭ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ০৫:৩০ টায় মদিনা পৌঁছাবে।
চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯ টি ও চট্টগ্রাম-মদিনা রুটে ২টি ফ্লাইটসহ এবছর প্রি হজে মোট ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান।
চট্টগ্রাম থেকে সরাসরি হজফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব-এর চট্রগ্রাম জোনের চেয়ারম্যান জনাব মোঃ শাহ আলম এবং আটাব-এর চট্রগ্রাম জোনের চেয়ারম্যান জনাব মোঃ আবু জাফর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের মহাব্যবস্থাপক বিপণন জনাব মোহাম্মদ সালাহউদ্দিন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিমান, সিভিল এভিয়েশন, হাব, আটাব-এর প্রতিনিধিসহ চট্টগ্রামের স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের হোল্ডিং লাউঞ্জে হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় হজযাত্রী ও দেশবাসীর কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে হজযাত্রীদেরকে মদিনার উদ্দেশ্যে বিদায় জানানো হয়।
বিমান সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম থেকে মোট ১১টি হজফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ৯টি চট্টগ্রাম-জেদ্দা এবং ২টি চট্টগ্রাম-মদিনা রুটে। চট্টগ্রাম থেকে এবার হজযাত্রীর সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার।
বাংলাদেশ বিমান সূত্র জানায়, হজযাত্রীরা যেন সুন্দরভাবে পৌঁছতে পারেন সে জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুশৃঙ্খলতার জন্য সকল প্রস্তুতি আগেভাগেই সম্পন্ন করা হয়েছে।
-B










