আন্তর্জাতিক পর্যটন মেলার আজ শেষদিন, দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

ঢাকা: ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে চলমান তিনদিনের পর্যটন মেলার আজ শেষ দিনে সকাল থেকেই উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে, যা বিকাল নাগাদ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সব থেকে বেশী ভীড় পরিলক্ষিত হচ্ছে মেলার প্রধান পৃষ্টপোষক অনলাইন ট্রাভেল এজেন্সী ট্রিপলাভার, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন-এর প্যাভিলিয়নে। এ’ছাড়াও গ্যালাক্সি গ্রুপ, ভিসতারা এয়ার, ট্যুারিজম মালায়েশিয়া, নভো এয়ার ও অন্যান্য প্রায় সকল প্যাভিলয়নেও উল্লেখযোগ্য সংখ্যাক দর্শক সমাগম দেখা যাচ্ছে। মেলা আয়োজক সূত্র জানিয়েছে বিগত দুইদিন প্রায় আট কোটি টাকার সম পরিমান এয়ার টিকিট, হোটেল, ট্যুর প্যাকেজ ও অন্যান্য ট্রাভেল সেবা বিক্রি কিংবা বুকিং হয়েছে এবং আজ তা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সনে সর্বশেষ ঢাকা ট্রাভেল মার্টে সর্বমোট বিক্রির পরিমান ছিল পাঁচ কোটি টাকা।
আজ রাত ৮টা পর্যন্ত মেলা বিরতিহীন ভাবে চলবে এবং মেলা শেষে প্রবেশ টিকিটের উপর এক আকর্ষনীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র্যাফেল ড্রর পুরস্কারের মধ্যে রয়েছে ইউএস-বাংলা এয়ার লাইন্সের সৌজন্যে দু’জনের জন্য ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা, ঢাকা- কলকাতা-ঢাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌজন্যে দু’জনের জন্য ঢাকা-সারজাহ-ঢাকা, জাজিরা এয়ার ওয়েজের সৌজন্যে এক জনের জন্য ঢাকা-দুবাই-ঢাকা, নভো এয়ারের সৌজন্যে দু’জনের জন্য ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা, ভিসতারা এয়ারের সৌজন্যে দু’জনের জন্য ঢাকা-দিল্লি-ঢাকা, এবং ওমান এয়ার এর সৌজন্যে এক জনের জন্য ঢাকা-লন্ডন-ঢাকা এয়ার টিকিটসহ অন্যান্য আকর্ষনীয় পুরুস্কার।
এ’ছাড়া আজ বিকাল ৩টায় “বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠার সম্ভবনা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। এ’ছাড়া বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইনের ব্যবস্থাপনা পরিচালকগন মূখ্য আলোচক হিসাবে অংশ নিবেন।










