যুক্তরাষ্ট্রে রেকর্ড ফ্লাইট বাতিল

বড়দিনের ছুটির মধ্যে কভিড পরিস্থিতি এবং বৈরী আবহাওয়ায় বিশ্বে কয়েক হাজার ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েছে লাখো মানুষ।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানাচ্ছে, গত দুই দিনে(শনি-রবি)বিশ্বজুড়ে ৪ হাজার ৪০০ ফ্লাইট বাতিল হয়েছে, এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই রেকর্ড ২ হাজার ৫০০ ফ্লাইট স্থগিত হয়েছে। কভিড রোগীদের সংস্পর্শে আসায় অনেক ক্রু কোয়ারেন্টাইনে আছেন, ফলে কর্মী সংকটে পড়ছে এয়ারলাইনসগুলো।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে প্রবল তুষারপাত যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে। শিকাগোর ও’হেয়ার এবং মিডওয়ে বিমানবন্দরেই বাতিল করতে হয়েছে সহস্রাধিক ফ্লাইট। ইউনাইটেড এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, ওমিক্রন সংক্রমণে কর্মী সংকট এবং আবহাওয়াজনিত কারণে অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের সঙ্গে আগেভাগে যোগাযোগ করে তাদের যাত্রার সময় পুনর্নির্ধারণ, ক্ষেত্রবিশেষে অন্য ব্যবস্থা করার কথা বলেছে এই এয়ারলাইনস।
যুক্তরাষ্ট্রে গতকাল রবিবারও প্রবল তুষারপাত আর দমকা বাতাসের পূর্বাভাস থাকায় বড়দিনের ছুটি কাটিয়ে বাড়ি ফিরতে বিপত্তিতে পড়তে পারেন অনেকে। ও’হেয়ার বিমানবন্দরে আটকা পড়া এক যাত্রী এবিসি নিউজকে বলেছেন, দীর্ঘ সময় কাটানোর মতো অবস্থা সেখানে নেই।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ডিসেম্বর থেকে শনিবার পর্যন্ত ১২ হাজারের বেশি ফ্লাইট স্থগিত হয়েছে। কর্মী সংকটের কারণে অতিরিক্ত পারিশ্রমিক দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এয়ারলাইনসগুলো।










