চাঁদে পাওয়া যাবে ভাড়া গাড়ি
মানুষ চাঁদে গেলে চলাচল করবে কিসে? সেখানে কি গাড়ি ভাড়া পাওয়া যাবে? এর উত্তর হচ্ছে, হ্যাঁ। চাঁদেও গাড়ি ভাড়া পাওয়া যাবে।
চাঁদের সরকারি কোনো মিশন পরিচালনা করা হলেও সেই মিশনের নভোচারীরাও ভাড়া নিতে পারবেন এই গাড়ি। মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস এবং মহাকাশ, সামরিক ও প্রতিরক্ষা যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন যৌথভাবে এ গাড়ি তৈরি করছে।
গত বছর জেনারেল মোটরস ও লকহিড মার্টিন যৌথভাবে চন্দ্রযান নির্মাণের ঘোষণা দিয়েছিল। এই যান নভোচারী ও তাঁর প্রয়োজনীয় যন্ত্রপাতি চাঁদে নিয়ে যাবে। এখন এই দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা চাঁদে গাড়ি ভাড়া দেওয়ার কাজও করবে।
চন্দ্রপৃষ্ঠে চলাচলের উপযোগী প্রয়োজনীয় সব ধরনের গাড়ি তৈরিতে কাজ করছে তারা। এসব গাড়ি বাণিজ্যিকভাবে মহাকাশ পর্যটন নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠান যেমন স্পেস এক্স বা ব্লু অরিজিনেরও কাজে লাগবে। এর বাইরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসাও চাইলে এই গাড়ি ভাড়া নিতে পারবে।
২০২৫ সাল নাগাদ চাঁদে মনুষ্যবাহী মিশন পরিচালনা করা হবে। এই মিশনের আগেই ‘লুনার মবিলিটি ভেহিকল’ নামের বিশেষ যান চাঁদে প্রস্তুত থাকবে বলে জানিয়েছে জেনারেল মোটরস ও লকহিড মার্টিন।
জেনারেল মোটরসের মুখপাত্র বলেছেন, চাঁদে মিশনের আগেই সেখানে চন্দ্রযান পাঠানো হবে। সেগুলো যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্য দেশের জন্যও তা ভাড়া দেওয়া হবে। এসব গাড়ি চলবে সৌরশক্তিতে। এগুলোর রক্ষণাবেক্ষণও অনেক সহজ। এগুলো ১০ বছরের বেশি সময় টেকসই হবে।
-B










