মাঝ আকাশে হঠাৎ দিল্লিগামী প্লেনে আগুন

ভারতে মাঝ আকাশে দিল্লিগামী স্পাইস জেটের উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১৯ জুন) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয় বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন মাঝ আকাশে হঠাৎ উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগে। এতে বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।
যাত্রীরা বলছেন কোনও মতে রক্ষা পেয়েছে বিমানটি , ঘটে যেতে পারত বড় বিপত্তি।
এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। জানা গেছে , নিরাপদেই পটনায় অবতরণ করেছে বিমানটি।
জানা গেছে, পটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি । সূত্রের খবর, টেক-অফের পরই এসজি৭২৫ ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তারপরই বিমানবন্দরে খবর দেওয়া হয়।উড়োজাহাজটিতে ১৮৫ জন যাত্রী ছিলেন। সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ বলেছেন, ‘‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে। প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন।’’
ডিজিসিএ সূত্রে খবর, বিমানের ডানায় পাখির আঘাতেই এই বিপত্তি ঘটে। তার জেরেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করেন পাইলট।
-B










