ওসমানী বিমানবন্দরে পানি : ফ্লাইট ওঠা–নামা বন্ধ

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানবন্দরের ফ্লাইট উঠানামার কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়। বন্যা পরিস্থিতির অবনতি হওয়া ও বিমানবন্দরের রানওয়েতে পানি প্রবেশ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
এদিকে আকস্মিকভাবে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার ঘোষণা দেয়ার পর শুক্রবার (১৭ জুন)ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে।
অপর দিকে, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসা একটি ফ্লাইট ডাইভারড হয়েছে। তবে লন্ডন থেকে আজ শনিবার (১৮ জুন)সকালে যে ফ্লাইটটির লন্ডন সিলেট-ঢাকা আসার কথা রয়েছে সেটি সিলেট না গিয়ে সরাসরি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা ভবনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। তলিয়ে গেছে সিলেট সুনামগঞ্জ সড়ক। বন্যার পানি ইতোমধ্যেই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করেছে। এর ফলে সিলেটের সাথে সারা দেশ এবং আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ১৭ জুন বেলা ২টা ৪৫ মিনিট থেকে সিলেট বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখার নির্দেশনা পাঠানো হয় সিভিল এভিয়েশন অথরিটি থেকে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রানওয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকার কথা এক ক্ষুদে বার্তায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদকে জানানো হয়।
বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার সূত্র জানিয়েছে, সিলেট বিমানবন্দর বন্ধ হওয়ায় ঢাকা থেকে সিলেট রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০৩, ৬০৪, ৬০৫, ৬০৬ ফ্লাইটগুলো বাতিল করা হয়।
একইভাবে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাইগামী বিমানের একটি ফ্লাইট রাতে যাওয়ার শিডিউল থাকলেও সেটি সিলেট না গিয়ে সরাসরি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্য ছাড়বে। আজ লন্ডন থেকে সিলেট হয়ে বিমানের একটি ফ্লাইট ঢাকায় অবতরণের শিডিউল থাকলেও ওই ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে লন্ডন থেকে সরাসরি ঢাকায় আসার নতুন শিডিউল করা হয়েছে। শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা ও নভো এয়ারেরও বেশ কয়েকটি শিডিউল ফ্লাইট কর্তৃপক্ষ বাতিল করেছে বলে জানা গেছে।
বিমানের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ১৭ জুন সকালে লন্ডনের একটি ফ্লাইট (বিজি-২০১) বিরূপ আবহাওয়ার কারণে সিলেট থেকে ডাইভারড হয়েছে।
এ দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মজুমদারী সিলেট অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
যে কোনো প্রয়োজনে ০১৭৭৭৭১৫৫৭৭ ও ০১৭৭৭৭১৫৭১৭ নম্বরেও যোগাযোগ করা যাবে বলে জানানো হয়।
-B










