শ্রীমঙ্গলে আজ শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’


শ্রীমঙ্গল: পর্যটনশিল্পের বিকাশ ও বিশ্বে পর্যটকদের নিকট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরা এবং বহুজাতিক সংস্কৃতির সংরক্ষণের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ শুক্রবার ( ১৯ জুন)উপজেলার ফুলছড়া চা-বাগান মাঠে এ উৎসব শুরু হবে। শেষ হবে ২১ জুন।
হারমোনি ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করবে। তাদের নিজস্ব সংস্কৃতি, জীবনধারা, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, খাদ্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরবে।
খাসিয়ারা দর্শনার্থীদের সামনে তাদের উৎপাদিত পানের গুছি (আঁটি) সাজাবেন। মনিপুরিরা বুনবেন তাঁতে কাপড়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা বানাবেন কাঠ ও বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী৷ কুমাররা তৈরি করবেন মাটির জিনিসপত্র। উৎপাদিত এসব সামগ্রী রাখা হবে প্রদর্শনী ও বিক্রয়ের জন্য। এ ছাড়াও ফেস্টিভ্যালে বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনেরও ১০টি স্টল থাকবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, হারমোনি ফেস্টিভ্যাল অত্র অঞ্চলের বহুজাতিক সংস্কৃতি, নৃতাত্ত্বিক ঐতিহ্য, লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি বড় সুযোগ। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ বলেন, হারমোনি ফেস্টিভ্যাল এমন একটি আয়োজন, যেখানে বৈচিত্র্যের মধ্যকার ঐক্যকে উদযাপন করা হয়। দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে কাছ থেকে জানার পাশাপাশি দর্শনার্থীরা বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সংস্কৃতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।










