
ঢাকাঃ বিদেশী নাগরিকদের জন্য ভিসার ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।শুক্রবার (১৯ জুন) এক মন্ত্রিসভা বৈঠকে এ-সংক্রান্ত একটি আদেশ সংশোধনের মাধ্যমে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৭৮ সালের পর অর্থাৎ দীর্ঘ ৪৮ বছরের মধ্যে এবারই প্রথম ভিসার ফি সংশোধন করল দেশটি।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি বা একবার প্রবেশের ভিসার ফি ৩ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন করা হবে। আর মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ভিসার ফি ৬ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন করা হবে। আগামী ১ জুলাই বা এর পরে জমা দেয়া আবেদনগুলোর ক্ষেত্রে নতুন ফি কার্যকর হবে।জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি সংবাদ সম্মেলনে জানান, বর্তমান ভিসার ফি নির্ধারণ করা হয়েছিল ১৯৭৮ সালে। দীর্ঘ সময় পর মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামাকে বিবেচনায় নিয়ে ফি সংশোধন করা হয়েছে।তিনি জানান, বিভিন্ন বিষয় গভীরভাবে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ভিসা ফি বাড়ানোর ফলে দেশটির পর্যটন খাতে তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তারা আশা করছেন।কেবল ভিসাই নয়, জাপানে থাকা বিদেশীদের রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তন ও থাকার মেয়াদ বাড়ানোর সর্বোচ্চ আইনি সীমা ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১ লাখ ইয়েন করা হচ্ছে। এছাড়া স্থায়ী বসবাসের আবেদন ফি ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ২ লাখ ইয়েন করার পরিকল্পনা রয়েছে।সরকার ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এ পরিবর্তনগুলো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে।উল্লেখ্য, জাপানে বিদেশী বাসিন্দাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং ২০১৫ সালের শেষ নাগাদ এ সংখ্যা রেকর্ড ৪১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।সরকার বলছে, একটি শক্তিশালী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে জাপানকে অবশ্যই ভিসা ও রেসিডেন্সি ফি পশ্চিমা দেশগুলোর সমপর্যায়ে নিয়ে আসতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে ভিসা নবায়ন ফি প্রায় ৪২০-৪৭০ ডলার ও জার্মানিতে ৯৩-৯৮ ইউরো।
